২৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
ঢাকাঃ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্র্যাক ব্যাংক পিএলসি দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে অবদান রাখা ২৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে।ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এ পুরস্কার দেয়া হয়।ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নেয়া এ উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্ট আদর্শের প্রতিফলন।সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তাদের ধারাবাহিক উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।ব্র্যাক ব্যাংক জানিয়েছে, একটি স্বাধীন জুরি প্যানেল এ ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক পরিধি, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের গভীরতা, জনকল্যাণে অবদান ও জাতীয় উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদি ভূমিকার মতো বিষয়গুলোকে একটি অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হয়েছে।সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো এসিআই গ্রুপ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বেঙ্গল ফাউন্ডেশন, বারডেম জেনারেল হাসপাতাল, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিকাশ লিমিটেড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ব্র্যাক, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), ছায়ানট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণফোন; ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি); কুমুদিনী নার্সিং কলেজ, নটর ডেম কলেজ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), প্রাণ-আরএফএল গ্রুপ ও স্কয়ার গ্রুপ।সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘২৫ বছরের পথচলায় আমরা দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের কার্যকারিতা প্রমাণ করেছি। আগামী দিনের লক্ষ্য হবে, এ অন্তর্ভুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেয়া। স্যার ফজলে হাসান আবেদের মিসিং মিডল ভিশনকে আমরা মিসিং মেজরিটি পর্যন্ত পৌঁছে দিতে কাজ করে যাব, যাতে দেশের প্রতিটি মানুষ সুযোগ, সেবা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।’অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংক দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমাজে এ রকম আরো অনেক প্রতিষ্ঠান আছে, যাদের অসাধারণ অবদানকে সম্মান জানানো প্রয়োজন। ব্র্যাক ব্যাংক এ প্রয়োজনই অনুভব করেছে। মানুষের জীবন বদলে দেয়া এবং নতুন সুযোগ সৃষ্টি করা—এসব প্রতিষ্ঠানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’